দক্ষিণ লেবাননে মোতায়েন করা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার (৭ মে) ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রকেট হামলার প্রতিক্রিয়ায় তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ১৫টি অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে। তাদের দাবি, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে হিজবুল্লাহর বেশ কিছু অস্ত্র গুদামও ছিল।
চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও মঙ্গলবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিন লেবানিজ নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনাটি ওই অঞ্চলে শান্তি বজায় রাখার প্রচেষ্টাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
লেবাননের সরকারি সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটি এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এতে নিহত অন্তত ২,৭১৫ জন, আহত ৮,৩৫৩ জনের বেশি এবং বাস্তুচ্যুত প্রায় ১.৬ মিলিয়নেরও বেশি মানুষ।
উল্লেখ্য, লেবাননের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ বর্তমানে নিজ ভূমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, যা গত কয়েক দশকের মধ্যে অন্যতম বৃহত্তম বাস্তুচ্যুতির ঘটনা।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল