লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এই খবর পৌঁছানোর পর জেলার তিনটি গ্রামে নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা এখন দিশেহারা। স্বজনরা দ্রুত নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম, আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদ ইসলাম এবং কলারোয়া উপজেলার শুভ দাশ।
পরিবারের সচ্ছলতা ফেরাতে বিভিন্ন এনজিও এবং স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে মাত্র দুই মাস আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন শফিকুল ও সদ্য কৈশোর পেরোনো নাহিদ। বিদেশে যাওয়ার পর মাত্র একবার বাড়িতে টাকা পাঠাতে পেরেছিলেন তারা। ঘটনার এক দিন আগেও স্বজনদের সাথে কথা বলে নিজেদের ভালো থাকার কথা জানিয়েছিলেন। কিন্তু এক দিনের ব্যবধানেই তাদের মৃত্যুর খবরে পরিবারগুলোতে নেমে আসে শোকের ছায়া।
শফিকুলের স্ত্রী-সন্তান ও বৃদ্ধ পিতা-মাতা এবং নাহিদের বাবা-মা শোকে বারবার মূর্ছা যাচ্ছেন, বাকরুদ্ধ হয়ে পড়েছেন নাহিদের বাবা। একইভাবে শোকাহত কলারোয়ার শুভ দাশের পরিবারও। প্রিয়জন হারানোর শোকের পাশাপাশি বিপুল অঙ্কের ঋণ কীভাবে পরিশোধ করবেন, তা নিয়েও চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা।
এ অবস্থায় শোকাহত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত এবং আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামা কুণ্ডু জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পাশাপাশি সরকারিভাবে পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।
ডিবিসি/আরএসএল