লেবাননের দক্ষিণাঞ্চলে তীব্র সংঘর্ষ ও হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি মাজদাল সেলেম গ্রামের একটি ফাঁদ পেতে রাখা ভবনে বোমা বিস্ফোরণে অন্তত দুই ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় তিবনিন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় আশপাশের বনাঞ্চলে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে।
তিবনিনের একটি কবরস্থানের প্রার্থনা হলের ছাদে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় অবরুদ্ধ পরিস্থিতি এবং অবিস্ফোরিত অস্ত্রের কারণে সাধারণ মানুষ আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সীমান্তবর্তী এই অঞ্চলে দফায় দফায় হামলা ও পালটা হামলায় পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। এমন সংঘাতপূর্ণ পরিস্থিতিতে দক্ষিণ লেবাননের সাধারণ মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
ডিবিসি/এসডব্লিউএন