লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ এবং সব ফ্রন্টে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে আমেরিকার সঙ্গে চলমান গোপন বা ব্যাক-চ্যানেল আলোচনা স্থগিত ঘোষণা করেছে ইরান। সোমবার (১ জুন) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
তেহরানের এই কঠোর সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পরপরই বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৬.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯৭.৩৯ ডলারে গিয়ে ঠেকেছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়ে আইআরজিসি দাবি করেছে, দক্ষিণ ইরানে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে তারা কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এই পাল্টাপাল্টি সংঘাতের ফলে গত ৮ এপ্রিলের ভঙ্গুর যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সব কূটনৈতিক প্রচেষ্টা এখন বড় ধরনের হুমকির মুখে পড়েছে।
ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধ এবং লেবাননে ইসরায়েলি হামলা প্রমাণ করে যে আমেরিকা চুক্তি মানছে না। একই সঙ্গে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননের যুদ্ধবিরতি চুক্তিটি যেকোনো শান্তি চুক্তির অবিচ্ছেদ্য অংশ।
পরিস্থিতি আরও জটিল করে তুলতে ইরান এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সহায়তায় লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিও সক্রিয় করার হুমকি দিয়েছে।
সূত্র: সিএনএন
ডিবিসি/এসএফএল