আন্তর্জাতিক

লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৫ই মে ২০২৬ ১২:৩১:২৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া মর্টার শেলের আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ প্রাণহানির ঘটনা ঘটে বলে আজ শুক্রবার নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট নেগেভ দাগান (২০)। তিনি ইসরায়েলি বাহিনীর গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন এবং দক্ষিণ ইসরায়েলের দেকেল এলাকার বাসিন্দা ছিলেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের ছোড়া একটি গোলার আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে এই চুক্তির পরও সীমান্তে উত্তেজনা ও সংঘাত থামেনি। ইসরায়েল দাবি করছে, তারা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে, অন্যদিকে হিজবুল্লাহ একে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করে পাল্টা হামলা চালাচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর মোট ছয়জন সেনা সদস্য নিহত হলেন।

 

বর্তমানে দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ নিয়মিতভাবে ফাইবার অপটিক প্রযুক্তির ড্রোন ও মর্টার হামলা চালাচ্ছে। বিশেষ করে হিজবুল্লাহর বিস্ফোরক ড্রোনের আঘাত মোকাবিলা করতে ইসরায়েলি বাহিনী এখন তাদের সাঁজোয়া যান ও অবস্থানে বিশেষ ধরনের প্রতিরক্ষামূলক জালের (Mesh Nets) ব্যবহার শুরু করেছে। সীমান্তে এই সংঘাতের মধ্যেই বর্তমানে ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সংকট নিরসনে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা চলছে।

 

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন