লেবানন-সিরিয়া সীমান্তের নিকটবর্তী মাজদাল আনজার এলাকায় একটি গাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এই হামলা চালানো হয় বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে)-এর সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি। পিআইজের পক্ষ থেকেও এখন পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পিআইজে মূলত গাজায় হামাসের সঙ্গে মিলে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াইরত একটি সশস্ত্র গোষ্ঠী এবং তারা লেবাননের হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহ উত্তর ইসরাইলে হামলা শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে। যদিও ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তবুও ইসরাইলি বাহিনী লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, শত্রুতা বন্ধের সমঝোতার পর এক বছরে ইসরাইলি বাহিনী ১০ হাজারের বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে। জাতিসংঘের
মানবাধিকার দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি পরবর্তী ইসরাইলি হামলায় অন্তত ১০৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ২১ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/টিবিএ