জাতীয়

লোডশেডিংয়ের জন্য বিদ্যুৎ ঘাটতি দায়ী নয়: বিদ্যুৎ মন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় সংসদে রবিবার (৭ জুন) শুরু হওয়া বাজেট অধিবেশনে দেশের চলমান লোডশেডিং পরিস্থিতির জন্য বিদ্যুতের ঘাটতিকে নয়, বরং ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এর আগে সরকার ও বিরোধী দলের প্রতি গঠনমূলক আলোচনা-সমালোচনার আহ্বান জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই অধিবেশন শুরু করেন।

অধিবেশনের শুরুতেই তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পাশাপাশি রামিসাসহ ধর্ষণ ও হত্যার শিকার চার কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করে সংসদ।

 

পরে প্রশ্নোত্তর পর্বে দেশে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, এটাই বাস্তবতা। একইসঙ্গে গত ১ মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাস সংযোগ দেওয়ার কথা থাকলেও তা কবে দেওয়া হবে, সে বিষয়ে তিনি মন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন।

 

এর জবাবে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতিজনিত কারণে বর্তমানে লোডশেডিংয়ের প্রয়োজন হয় না; চাহিদা অনুযায়ীই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে বিদ্যুৎকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ, ঝড়-বৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগজনিত অব্যবস্থাপনার কারণে অনেক সময় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটে থাকে।

 

অন্যদিকে, অধিবেশনে তথ্য প্রতিমন্ত্রী দেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, তবে গণতন্ত্রবিরোধীরা কোনোভাবেই আইনের ঊর্ধ্বে নয়।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন