ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর মোচা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে কয়েক বছরের মধ্যে সবচেয়ে তীব্র লড়াইয়ের মধ্যেই দেশটির লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিতে বড় ধরনের অভিযান শুরু করেছে তারা।
মোচা দখল হুথিদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। লোহিত সাগরের আরও বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিতে পারলে বাব আল-মান্দেব প্রণালির ওপর তাদের প্রভাব বাড়বে। আরব উপদ্বীপের অপর প্রান্তে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও ইরান ও তার মিত্রদের সঙ্গে সংঘাত চলছে। ফলে দুটি গুরুত্বপূর্ণ নৌপথের ওপর নিয়ন্ত্রণের সম্ভাবনা তৈরি হয়েছে।
লন্ডনভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (রুসি) জানিয়েছে, ইয়েমেনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জাতিসংঘ-স্বীকৃত সরকারও হুথিদের ওপর চাপ বাড়াতে নতুন নতুন যুদ্ধক্ষেত্র খুলছে।
গত কয়েক দিনে মোচা ছাড়াও হায়েস শহর ও খালিদ ইবনে আল-ওয়ালিদ সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে হুথিরা। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাকলেডের হিসাবে, পাঁচ দিনের লড়াইয়ে ২৭৬ জন নিহত হয়েছেন।
হুথিদের অগ্রযাত্রার জবাবে সৌদি আরবও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার হুথি অবস্থানে ৪০টি পর্যন্ত বিমান হামলা চালানোর কথা জানা গেছে। এর আগে ৩ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ১৫টি হামলা চালায় সৌদি বাহিনী।
এই সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে। কয়েক সপ্তাহ ৮০ ডলারের কাছাকাছি থাকার পর প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
ডিবিসি/এসএফএল