আন্তর্জাতিক

লোহিত সাগরে সৌদির দুই তেল ট্যাংকারে হুথিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লোহিত সাগর দিয়ে চলাচলকারী দুটি সৌদি তেল ট্যাংকারে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধ ঘোষণার মাত্র কয়েকদিনের মাথাতেই এই হামলার ঘটনা ঘটল।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার জানিয়েছেন, অবরোধের সিদ্ধান্ত লঙ্ঘনের দায়ে 'এনসেলা' এবং 'লায়লিয়া' নামের দুটি সৌদি তেল ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ড্রোন এবং বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়, যার ফলে জাহাজগুলোতে আগুন ধরে যায়। এছাড়া প্রায় দশটি জাহাজকে তারা পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করেছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি। সৌদি আরব এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানিয়েছে যে, অজ্ঞাত বস্তুর আঘাতে একটি ট্যাংকারে আগুন লাগার খবর তারা পেয়েছে এবং নাবিকরা তা নেভানোর আপ্রাণ চেষ্টা করছেন।

 

ইয়েমেন সরকার ও তাদের সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই করে আসা হুথিরা গত ২০ জুলাই সৌদি আরবের ওপর এই নৌ অবরোধ আরোপ করে। সম্প্রতি একটি ইরানি বিমানের অবতরণ ঠেকাতে ইয়েমেন সরকার হুথি-নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে বোমা হামলা চালালে গত চার বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ উত্তেজনার সৃষ্টি হয়। এরপরই 'চোখের বদলে চোখ' নীতির ভিত্তিতে পাল্টা অবরোধের ঘোষণা দেয় হুথিরা। গোষ্ঠীর নেতাদের দাবি, দীর্ঘ প্রায় ১২ বছর ধরে হুথি-নিয়ন্ত্রিত বন্দর ও বিমানবন্দরগুলোর ওপর সৌদি আরব যে অন্যায় অবরোধ চাপিয়ে রেখেছে এবং সম্পদ লুণ্ঠন করছে, তা প্রত্যাহার করতে রিয়াদকে বাধ্য করার জন্যই এই নৌ অবরোধ দেওয়া হয়েছে।

 

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচল ব্যাহত হওয়ায়, সৌদি আরব লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালীকে তেল সরবরাহের বিকল্প পথ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছিল। কিন্তু হুথিদের এই নতুন হামলায় সেই পথটিও এখন মারাত্মক হুমকির মুখে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন