ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি লোহিত সাগরে সৌদি আরবের একটি সামরিক যুদ্ধজাহাজ এবং সেটির নিরাপত্তায় নিয়োজিত চারটি টহল নৌযানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। সোমবার (১৭ আগস্ট) গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই হামলার তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের মোখা উপকূলের কাছে লোহিত সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের ওই সামরিক সেনাবহরে হামলা চালানো হয়। হুথিদের দাবি, তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত নিখুঁতভাবে এবং সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই সফল অভিযানের ফলে সৌদির মূল যুদ্ধজাহাজটিতে আগুন ধরে যায়। একই সঙ্গে জাহাজটির নিরাপত্তায় থাকা কয়েকটি টহল নৌকা হামলায় ডুবে গেছে এবং বাকিগুলোতেও আগুন ধরে যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
হামলার কারণ সম্পর্কে হুথির সামরিক মুখপাত্র জানান, তাদের সশস্ত্র বাহিনী ‘অবরোধের জবাবে অবরোধ’ এই সমীকরণ বজায় রাখার নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সৌদি সামরিক বাহিনীর সব ধরনের সমাবেশ ও লক্ষ্যবস্তুতে এমন হামলা অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
লোহিত সাগরে হুথিদের এই ভয়াবহ হামলার দাবির বিষয়ে এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: নিউইয়র্ক টাইম
ডিবিসি/পিআরএএন