ইয়েমেন উপকূলে লোহিত সাগরে হামলার শিকার হয়ে ডুবে গেছে 'এমএসভি ফাইজে নুরি ওলিয়ে' নামের একটি ভারতীয় পতাকাবাহী জাহাজ।
মঙ্গলবার (৪ আগস্ট) ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জাহাজটি এই হামলার কবলে পড়ে এবং একপর্যায়ে উল্টে গিয়ে ডুবে যায়। তবে স্বস্তির বিষয় হলো, জাহাজে থাকা ১৪ জন ক্রুর সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকৃতদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনি নাগরিক রয়েছেন।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে, তাদের কোস্টগার্ডের নৌ ইউনিট একটি যৌথ উদ্ধার অভিযানের মাধ্যমে এই নাবিকদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে, বিনা উসকানিতে বাণিজ্যিক জাহাজের ওপর এমন হামলার কড়া নিন্দা জানিয়েছে ভারত।
সাম্প্রতিক সময়ে লোহিত সাগর এলাকায় সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। কয়েকদিন আগেই লোহিত সাগরে নতুন করে অবরোধ আরোপ করার ঘোষণা দেয় হুথি বিদ্রোহীরা। তাদের পক্ষ থেকে জানানো হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি আরবের কোনো পণ্যবাহী জাহাজ পার হতে দেওয়া হবে না। এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই ভারতীয় জাহাজে হামলার এই ঘটনা ঐ অঞ্চলে বাণিজ্যিক নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
ডিবিসি/পিআরএএন