খেলাধুলা, ফুটবল

শততম ম্যাচের দ্বারপ্রান্তে স্কালোনি!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০১৮ বিশ্বকাপের পর যখন লিওনেল স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেন, তখন অনেকেই তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু সেই সব সংশয় দূর করে তিনি এখন এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে। শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে ডাগআউটে দাঁড়ানোর মধ্য দিয়ে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিজের শততম ম্যাচ পূর্ণ করবেন স্কালোনি।

শুরুর পথচলাটা মোটেও সহজ ছিল না স্কালোনির জন্য। বড় কোনো ক্লাবে কোচিং করানোর পূর্ব-অভিজ্ঞতা না থাকা এবং খেলোয়াড়ি জীবনেও তেমন উল্লেখযোগ্য সাফল্য না থাকায় তার যোগ্যতা নিয়ে সমালোচনা হয়েছিল। তবে গত আট বছরে মাঠের ফলাফল দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছেন সাবেক এই রাইট ব্যাক। এ পর্যন্ত তার অধীনে আর্জেন্টিনা ৯৯টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৭২টিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। এছাড়া ড্র হয়েছে ১৮টি এবং হার দেখতে হয়েছে মাত্র ৯টিতে।ৎ

 

স্কালোনির হাত ধরেই আর্জেন্টিনা দীর্ঘ ২৮ বছরের শিরোপাখরা কাটিয়ে ২০২১ সালে কোপা আমেরিকা জয় করে। এরপর ২০২২ সালে ইতালিকে হারিয়ে ফিনালিসিমা এবং একই বছর কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হেরেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের সোনালি ট্রফি ঘরে তোলে দলটি। সাফল্যের এই ধারা অব্যাহত রেখে ২০২৪ সালেও কোপা আমেরিকার শিরোপা জেতে স্কালোনির শিষ্যরা। বর্তমানে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা, আর এই অভিযানের মাঝেই নিজের শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি।

 

অসাধারণ এই পরিসংখ্যান সত্ত্বেও শততম ম্যাচের আগে নিজের অনুভূতিতে কোনো পরিবর্তন দেখছেন না স্কালোনি। তিনি জানিয়েছেন, প্রথম দিনের মতোই এখনও প্রতিটি ম্যাচের আগে তিনি একই রকম উত্তেজনা, চাপ ও রোমাঞ্চ অনুভব করেন। কোনো ম্যাচকেই নির্ভারভাবে নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, সব সময় নিজেদের সেরাটা দেওয়ার মানসিকতা নিয়েই মাঠে নামে আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে এই ম্যাচের মাধ্যমে আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ পরিচালনা করা কোচদের তালিকায় আরও এক ধাপ এগিয়ে যাবেন স্কালোনি। উল্লেখ্য, বর্তমানে ১২৪ ম্যাচ নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন গুইলের্মো স্তাবিলে; যেখানে বিশ্বকাপজয়ী দুই কিংবদন্তি কোচ সিজার লুইস মেনত্তি ও কার্লোস বিলার্দো দলকে কোচিং করিয়েছেন সমান ৭৯টি করে ম্যাচে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন