ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, শত্রুপক্ষ যদি নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে রণক্ষেত্রে তাদের কঠিন জবাব দেওয়া হবে। সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম ও পদ্ধতির সাহায্যে এই জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে দেশটি। একই সঙ্গে জানানো হয়েছে, ইরানের বর্তমান পরিস্থিতিকে এখনও ‘যুদ্ধকালীন’ হিসেবে বিবেচনা করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস নিউজ এই তথ্য প্রকাশ করেছে। ফারস নিউজের বরাত দিয়ে ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, তাদের জন্য পরিস্থিতি এখনও পুরোপুরি যুদ্ধকালীন। তাই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর পর্যবেক্ষণ ও নজরদারি কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলছে।
ওই মুখপাত্র শত্রুপক্ষকে কঠোর ভাষায় সতর্ক করে দিয়ে আরও বলেন, তারা যদি নতুন কোনো সামরিক পদক্ষেপ বা উসকানিমূলক কাজ করার দুঃসাহস দেখায়, তবে তাদের এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হবে যার জন্য তারা প্রস্তুত নয়। সম্পূর্ণ নতুন সামরিক কৌশল ও সরঞ্জামের সাহায্যে রণক্ষেত্রে এই কঠিন জবাব দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
ডিবিসি/পিআরএএন