শত্রুদের বিরুদ্ধে শক্ত হাতে রুখে দাঁড়াতে এবং কোনোভাবেই অন্যায় ও নিপীড়নের কাছে মাথা নত না করতে দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র এক প্রতিবেদনে পেজেশকিয়ানের এই বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি দেশের নাগরিকদের শত্রুদের দৃঢ়ভাবে মোকাবিলা করার নির্দেশ দিয়ে বলেন, ‘অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করার জন্যই এই কঠোর অবস্থান ধরে রাখা অত্যন্ত জরুরি।’
বহিঃশত্রুর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ন্যায়বিচারের বিষয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। নিজ দেশের নাগরিকদের অধিকারের প্রতি সম্মান জানানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘ঠিক একইভাবে, আমরা আমাদের নিজেদের নাগরিকদের ওপরও নিপীড়ন চালাতে পারি না বা তাদের প্রতি কোনো ধরনের অবিচার করতে পারি না।’
বক্তব্যের শেষাংশে ইরানের দীর্ঘদিনের প্রতিরোধের ইতিহাস ও মজবুত অবস্থান নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, বৈশ্বিক নানামুখী চাপের মধ্যেও ইরান ইতিমধ্যে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে,তারা বিশ্বের বুকে প্রতিরোধের একটি অনন্য দৃষ্টান্ত।
ডিবিসি/এসডব্লিউএন