দেশের বিরুদ্ধে শত্রুপক্ষের নানামুখী হীন ও কুৎসিত ষড়যন্ত্র নস্যাৎ করার ক্ষেত্রে জাতীয় ঐক্য এবং অভ্যন্তরীণ সম্প্রীতি সবসময়ই সবচেয়ে নির্ণায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শুক্রবার (১২ জুন) তেহরানে ইরান একাডেমি অব মেডিকেল সায়েন্সেস-এর সাধারণ পরিষদের এক অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ইরানের বিরুদ্ধে শত্রুদের বৈরী ও শত্রুতামূলক পদক্ষেপগুলোর কথা উল্লেখ করতে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকগোষ্ঠী (ইসরায়েল) কর্তৃক চাপিয়ে দেওয়া সাম্প্রতিক দুটি আগ্রাসী যুদ্ধের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ইরানের শহীদ ইসলামি বিপ্লবী নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি, শীর্ষ সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং দেশের বৈজ্ঞানিক সক্ষমতাগুলোকে লক্ষ্য করে যে ধরনের হামলা চালানো হয়েছে, তা থেকেই স্পষ্ট যে শত্রুরা ইরানের অগ্রগতি ও উন্নয়নকে থামিয়ে দিতে চায়।
তবে সমস্ত বাহ্যিক চাপ এবং হুমকি উপেক্ষা করে ইরানের জনগণ দেশের স্বাধীনতা, জাতীয় মর্যাদা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে সদা প্রস্তুত এবং ভবিষ্যতেও তা বজায় রাখবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাজনৈতিক মতভেদ ও দলীয় বিভাজনের ঊর্ধ্বে ওঠার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিগত স্বার্থচালিত প্রতিযোগিতা অতীতে দেশের অন্যতম দুর্বলতা হিসেবে কাজ করেছে।
দেশের অগ্রযাত্রার পথ প্রসঙ্গে তিনি বলেন, ইরানের অগ্রগতি নির্ভর করছে যোগ্য ব্যক্তিদের ক্ষমতায়ন, সম্মিলিত সহযোগিতা এবং দেশের সব ধরনের সক্ষমতার সঠিক ব্যবহারের ওপর। সংকীর্ণ বা রক্ষণশীল দৃষ্টিভঙ্গির কারণে যেন কোনো যোগ্য ব্যক্তি দেশের সেবা করার সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বর্তমান পরিস্থিতিতে জাতীয় সংহতি ও ঐক্যকে দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে বর্ণনা করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষায় ইরানি জনগণ বারবার নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির প্রমাণ দিয়েছে।
সাম্প্রতিক ঘটনাবলির দিকে ইঙ্গিত করে তিনি যোগ করেন, ইরানের সাধারণ মানুষ বিগত ১০০ দিনেরও বেশি সময় ধরে দেশের সার্বভৌমত্ব ও ইসলামি বিপ্লবের সমর্থনে রাজপথে সক্রিয় উপস্থিতি বজায় রেখেছে। জনগণের এই অবিচল প্রতিরোধ এবং অভূতপূর্ব ঐক্য শত্রুপক্ষের বহু হিসাব-নিকাশ ও পরিকল্পনাকে সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছে।
সূত্র: মেহর নিউজ
ডিবিসি/এসএফএল