বাংলাদেশ, অর্থনীতি

শনিবার খোলা থাকবে সব ব্যাংক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে ডিসেম্বর ২০২৫ ০৭:৫৬:১৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী শনিবার (২৭শে ডিসেম্বর) সারা দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্রের জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৪শে ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক আ ন ম মঈনুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থীরা যাতে ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ নির্বিঘ্নে জমা দিতে পারেন, সেজন্যই সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক খোলা থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

 

উল্লেখ্য যে, আগামীকাল ২৫শে ডিসেম্বর (বৃহস্পতিবার) বড়দিন উপলক্ষে সরকারি ছুটি। এরপরের দুই দিন শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি।

 

অন্যদিকে, নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯শে ডিসেম্বর। টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকলে প্রার্থীদের অর্থ জমা দিতে এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে জটিলতা তৈরি হতে পারে এমন পর্যবেক্ষণ থেকেই ইসি শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ জানায়।

 

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের জানান, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম যেমন জামানত বা সিডি ক্রয়ের লেনদেন যেন ব্যাহত না হয়, সেজন্যই বাংলাদেশ ব্যাংককে এই অনুরোধ জানানো হয়েছে। এর ফলে প্রার্থী বা তাদের এজেন্টরা কোনো ঝামেলা ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন