বাংলাদেশ

শনিবার সকালে দেশে আসবে যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা বৃষ্টির মরদেহ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশে রওনা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, দুবাই হয়ে আগামী শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

মরদেহ প্রেরণের পুরো প্রক্রিয়াটি তদারকি করেছে মিয়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। স্থানীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করে কনসাল জেনারেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহটি বিমানে তুলে দেওয়া হয়। 

 

একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহও একইভাবে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, এই দুই শিক্ষার্থীর মরদেহ স্বদেশে ফিরিয়ে আনার যাবতীয় ব্যয়ভার বহন করছে বাংলাদেশ সরকার।

 

এর আগে গত ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস নাহিদা সুলতানার মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। পরবর্তী সময়ে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, মিয়ামিস্থ কনস্যুলেট, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রবাসীদের সমন্বয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার বাদ জোহর টাম্পার ইস্তাবা মসজিদে নাহিদা সুলতানার জানাজা সম্পন্ন হয়, যেখানে প্রবাসী বাংলাদেশি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের আসন্ন বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে।

 

গত ৫ মে এক চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মিয়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেটকে অবহিত করেছে এবং সমাবর্তনে কনস্যুলেটের প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহতদের পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণের অনুরোধ জানিয়েছে। কনস্যুলেটের একজন প্রতিনিধি ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন