বাংলাদেশ, জাতীয়

শপথ অনুষ্ঠানে থাকবেন উপদেষ্টারা, ফিরবেন পতাকাবিহীন গাড়িতে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সংসদ ভবনে উপস্থিত থাকবেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। তবে তাঁদের বিদায়লগ্নটি হবে প্রতীকী তাৎপর্যপূর্ণ।

রাষ্ট্রীয় প্রটোকল মেনে তাঁরা জাতীয় পতাকাবাহী গাড়িতে চড়ে শপথ অনুষ্ঠানে যোগ দিলেও, অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে তাঁদের গাড়িতে আর জাতীয় পতাকা থাকবে না।

 

সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে উপদেষ্টাদের দেশত্যাগ নিয়ে নানামুখী গুঞ্জন চলছিল। সেসব গুঞ্জন নাকচ করে দিয়ে প্রেস সচিব স্পষ্ট জানিয়েছেন, উপদেষ্টারা এখনো দেশেই অবস্থান করছেন এবং তাঁরা দেশের গর্বিত সন্তান।

 

শফিকুল ইসলাম বলেন, শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা আনুষ্ঠানিকভাবে অংশ নেবেন। আসার সময় তাঁরা পতাকাবাহী গাড়িতে এলেও, দায়িত্ব হস্তান্তরের প্রতীক হিসেবে ফেরার সময় সেই গাড়িতে আর পতাকা থাকবে না। ওই গাড়িগুলোই তাঁদের নিজ নিজ বাসভবনে পৌঁছে দেবে।

 

এদিকে, উপদেষ্টাদের মধ্যে ফয়েজ আহমদ তৈয়্যব ইতিমধ্যে তাঁর পুরোনো আবাসস্থলে ফিরে গেছেন বলে জানা গেছে। এক ফেসবুক পোস্টে তিনি নিশ্চিত করেছেন যে, কর্মস্থল থেকে যথাযথ প্রক্রিয়া মেনে বিদায় নিয়েই তিনি ঢাকা ছেড়েছেন। তবে অন্য কোনো উপদেষ্টার দেশ ছেড়ে যাওয়ার কোনো তথ্যের সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন