বাংলাদেশ, রাজনীতি

শপথ গ্রহণের পর প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টায় তিনি কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছান। সরকার প্রধানের আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই নয়া পল্টন এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে বসে দাপ্তরিক কাজ সম্পাদন করেন। এ সময় তিনি দলের এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাদের সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ এবং ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।


নয়া পল্টনে আসার আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের এক গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন। তার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে আসন্ন সংসদ অধিবেশনের বিভিন্ন কৌশল ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। সংসদীয় বৈঠক শেষ করেই তিনি সরাসরি দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন।


প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম দলীয় কার্যালয়ে তারেক রহমানের আগমনের খবরে দুপুর আড়াইটা থেকেই নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বিকেল সাড়ে ৪টার মধ্যে নয়া পল্টন ও এর আশপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। 'তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম'-এমন মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে দলীয় কার্যালয়ে পেয়ে কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়।


প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই নয়া পল্টন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যালয় এবং এর আশপাশে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন