বাংলাদেশ, জেলার সংবাদ

শরীয়তপুরে ঈদে বাড়ি ফিরে বিএনপির ৬ সমর্থককে আ.লীগ নেতার কুপিয়ে জখম

শরীয়তপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির ছয় সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থক শাওন চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


হামলায় গুরুতর আহতরা হলেন- মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সবাইকে ঢাকা পাঠানো হয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। একটি গ্রুপের নেতৃত্বে আছেন আওয়ামী লীগ সমর্থক শাওন চৌধুরী এবং অপর গ্রুপটির নেতৃত্বে রয়েছেন বিএনপি সমর্থক মালেক খান।


গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর শাওন ও তার অনুসারীরা এলাকাছাড়া ছিলেন। সম্প্রতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারা এলাকায় ফেরেন। স্থানীয়ভাবে বিরোধ মিমাংসার কথা বলে শুক্রবার সকালে মালেক খান ও তার লোকজনকে নিজের বাড়িতে ডাকেন শাওন। মালেক ও তার সঙ্গীরা সেখানে পৌঁছানো মাত্রই শাওন, রিফাতসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।


হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শাওন চৌধুরীর বসতবাড়িতে অগ্নিসংযোগ করে এবং রিফাত নামে এক সহযোগীর বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফিন জানান, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী হিসেবে অভিযুক্ত পক্ষ আওয়ামী লীগের এবং ভুক্তভোগীরা বিএনপির সমর্থক বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।


তিনি আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন