জেলার সংবাদ

শরীয়তপুরে চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৬

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (১৬ মে) সদর হাসপাতালের চিকিৎসক আকরাম এলাহী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪৫ জনকে আসামি করে পালং মডেল থানায় মামলাটি দায়ের করেন।

গত শুক্রবার (১৫ মে) চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দায়িত্বরত চিকিৎসকের ওপর সংঘবদ্ধ হামলা ও হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনা ঘটে।

 

এদিকে চিকিৎসকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রবিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের সামনে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে মানববন্ধন করেছেন সদর হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। এসময় হাসপাতালে সুষ্ঠু পরিবেশ তৈরি, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাসপাতাল এলাকায় আনসার সদস্য বাড়ানোর জোর দাবি জানান তাঁরা।

 

উল্লেখ্য গত শুক্রবার (১৫ মে) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে কর্তব্যরত আনসার সদস্যরাও মারধরের শিকার হ়ন। পরে গুরুতর আহত ডা. নাসিরকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।  

 

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বুকের ব্যথা নিয়ে উপজেলার বিলাসখান গ্রামের লাল মিয়া কাজী হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার করলেও স্বজনরা বন্ড সই দিয়ে রোগীকে হাসপাতালেই রেখে দেন। পরে রাত ১টার দিকে রোগীর মৃত্যু হলে স্বজনরা ক্ষিপ্ত হয়ে এই তাণ্ডব চালায়। 

 

ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য সাইদ আহমেদ, জেলা প্রশাসক তাহসিনা বেগম ও পুলিশ সুপার রওনক জাহান, হাসপাতাল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পুলিশ সুপার জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন