শরীয়তপুরের জাজিরায় পরিত্যক্ত মরিচ ক্ষেতে পড়ে থাকা একটি ককটেল বোমা হাতে তুলে নেওয়ার পর তা বিস্ফোরিত হয়ে ১০ বছর বয়সী এক শিশুর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (২৯ মে) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চরধুপুর চর কান্দি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত ওই শিশুর নাম রাহাত মাদবর। সে একই এলাকার সামসু মাদবরের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটায় লাগানো মরিচ ক্ষেত থেকে মরিচ আনতে যায় রাহাত। এ সময় ভিটায় পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে সে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে। একপর্যায়ে বিকট শব্দে বস্তুটি বিস্ফোরিত হয়। এতে রাহাতের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থল রক্তে ভেসে যায়।
বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আহত রাহাতের ছোট চাচা বাবুল মাদবর জানান, জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে কেউ শত্রুতা করে ওই ককটেল সেখানে রেখে যেতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন এবং বিষয়টি তদন্তের দাবি জানান।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, শিশুটি কুড়িয়ে পাওয়া ককটেলটি খোলার চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়ে তার দুই হাতের কবজি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ডিবিসি/পিআরএএন