শরীয়তপুরের জাজিরা উপজেলায় বাড়ির পাশের একটি গর্তে জমে থাকা পানিতে ডুবে জুনায়েদ রাড়ী নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার পালেরচর ইউনিয়নের সর্দারকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ওই গ্রামের রানা রাড়ীর ছেলে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে জুনায়েদের মা যখন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন, তখন জুনায়েদ বাড়ির আঙিনায় খেলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশে আগে থেকে খুঁড়ে রাখা একটি গর্তের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে গর্তের পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
নিহতের চাচা শাহ আলম রাড়ী বলেন, জুনায়েদ খুবই চঞ্চল স্বভাবের ছিল। সকালে খেলতে খেলতে কখন যে গর্তের পানিতে পড়ে গেছে, কেউ টের পায়নি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান সে আর বেঁচে নেই। এই শোক আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।
মুমূর্ষু অবস্থায় শিশুটিকে দ্রুত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে তার শরীরে প্রাণের কোনো স্পন্দন পাওয়া যায়নি। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
ডিবিসি/এসএফএল