শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনকভাবে মাটি অস্বাভাবিক গরম হয়ে ওঠার ঘটনা ঘটেছে। গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে হাসপাতালটির প্রধান প্রবেশ সড়কের প্রায় ৫০ ফুট এলাকাজুড়ে মাটি স্পর্শ করলেই এই তীব্র তাপ অনুভূত হচ্ছে। এর ফলে স্থানীয় বাসিন্দা, রোগী ও হাসপাতাল সংশ্লিষ্টদের মধ্যে সম্ভাব্য বিস্ফোরণ বা অন্য কোনো দুর্ঘটনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আজ শনিবার (৬ জুন) বিকেলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তারা প্রাথমিকভাবে মাটির নিচে গর্ত করে বারবার পানি ঢেলে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা স্বাভাবিক করা সম্ভব হয়নি।
গোসাইরহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এবিএম বাসার জানান, মাটির নিচ থেকেই এই তাপ অনুভূত হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হলেও বিশেষজ্ঞদের বিস্তারিত তদন্ত ছাড়া তাপের উৎস সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুল রহমান মিয়া জানিয়েছেন, বিষয়টি নজরে আসার পরই প্রশাসন, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে রোগী ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘটনাস্থলের আশপাশে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, তাপের কারণ অনুসন্ধানে পল্লী বিদ্যুতের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোসাইরহাট পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আব্দুল মতিন জানান, সেখানে বিদ্যুতের কোনো ত্রুটি বা লিকেজের প্রমাণ পাওয়া যায়নি। এরপরও সার্বিক নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ডিবিসি/টিবিএ