শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে শীত নিবারণের জন্য বিছানায় মাটির পাত্রে রাখা কয়লার আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে মারা গেছেন কামরুন নাহার (৮০) নামে এক বৃদ্ধা নারী।
শনিবার (১৩ই ডিসেম্বর) ভোর ৪টার দিকে রুদ্রকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুন নাহার ওই এলাকার মৃত মোসলেম সরদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ঘরে একাই বসবাস করতেন।
পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির পাত্রে রাখা জ্বলন্ত কয়লা বিছানায় পড়ে গিয়ে আগুন ধরে যায়। পরে ঘটনাস্থল থেকে আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ডিবিসি/এসএফএল