যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে কোনো ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দেওয়া ছাড়াই যুদ্ধ শেষ করতে পারেন, তবে তিনি নিজেই তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করবেন।
শুক্রবার (১৫ই আগস্ট) আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ অবসানের সম্ভাব্য উপায় নিয়ে বৈঠকের মধ্যেই হিলারি এই মন্তব্য করেন। ‘রেজিং মডারেটস’ নামের একটি পডকাস্টে তিনি এ কথা বলেন।
হিলারি বলেন, "সত্যি বলতে, যদি তিনি এই ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে পারেন- যেখানে পুতিন একজন আগ্রাসনকারী এবং প্রতিবেশীর সীমানা পরিবর্তনের চেষ্টা করছেন এবং ইউক্রেনকে তার ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য না করেন, তবে এটি হবে পুতিনের বিরুদ্ধে একটি দৃঢ় অবস্থান।"
তিনি আরও যোগ করেন, "একটি যুদ্ধবিরতি হতে হবে, কোনো ভূখণ্ড বিনিময় হবে না এবং সময়ের সাথে সাথে পুতিনকে তার দখলকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। যদি প্রেসিডেন্ট ট্রাম্প এটি করতে পারেন, আমি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করব।"
এদিকে, তার সাবেক প্রতিদ্বন্দ্বীর এমন মন্তব্যের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হিলারির এই মন্তব্য "খুবই চমৎকার"। তিনি রসিকতা করে আরও বলেন, “আমাকে হয়তো আবারও তাকে পছন্দ করা শুরু করতে হতে পারে।”
তবে প্রশংসার পাশাপাশি হিলারি ট্রাম্পকে সতর্কও করেছেন। তিনি মনে করিয়ে দেন যে, ট্রাম্প এমন একটি সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে দেখা করছেন, যেখান থেকে প্রতিনিয়ত রুশ বোমারু বিমানকে প্রতিহত করার জন্য মার্কিন যুদ্ধবিমান উড়তে হয়।
হিলারি বলেন, "তিনি (ট্রাম্প) কোনো বন্ধুর সঙ্গে দেখা করছেন না, তিনি এমন একজন প্রতিপক্ষের সঙ্গে দেখা করছেন যিনি তাকে ব্যবহার করার আশা রাখেন।"
ডিবিসি/এমইউএ