বাংলাদেশ, জাতীয়

শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোটের জন্য জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং 'জুলাই জাতীয় সনদ' বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট সম্পন্ন হওয়ায় দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন পরবর্তী এক বিশেষ বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো।


নির্বাচনে ভোট গ্রহণ শেষে প্রধান উপদেষ্টা ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে বলেন, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং নির্বাচন-সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পেশাদারিত্ব-এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।


তিনি এই নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর হিসেবে অভিহিত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের গণতন্ত্র সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাবে।


নির্বাচন সফল করতে দিনরাত পরিশ্রম করা সকল মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রফেসর ইউনূস বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনকে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশেষ ধন্যবাদ, আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর কঠোর নিরাপত্তা নিশ্চিত করায় কৃতজ্ঞতা, গণমাধ্যম ও পর্যবেক্ষকের স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় প্রশংসা করেন তিনি।


রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আহ্বান জানান, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে। তিনি জোর দিয়ে বলেন, মতের ভিন্নতা থাকবেই, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।


বিবৃতির শেষে তিনি আবারও মনে করিয়ে দেন যে, জনগণই সকল ক্ষমতার উৎস। একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আসুন, গণতন্ত্রকে শক্তিশালী করার এই অভিযাত্রায় আমরা সংহতি বজায় রাখি।”


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন