২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত ঘটনার তদন্তে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এই দাবি জানান। তিনি প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন।
বিবৃতিতে শফিকুর রহমান ২০১৩ সালের ওই দিনটিকে দেশের ইতিহাসের একটি ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সেদিন ধর্মপ্রাণ তাওহিদি জনতার ওপর যে নির্মম অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছিল। এই ঘটনাকে মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং একটি জঘন্যতম কাজ হিসেবে বর্ণনা করে তিনি ঘটনার সত্য উন্মোচন ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার ওপর জোর দেন।
বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য রাষ্ট্রে কাম্য নয় উল্লেখ করে জামায়াত আমির ক্ষোভ প্রকাশ করেন যে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এ ঘটনার সুষ্ঠু ও গ্রহণযোগ্য বিচার হয়নি। তিনি বলেন, বিচার সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো যেমন ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অধিকার দমনে শক্তি প্রয়োগ ও প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। সবশেষে তিনি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ডিবিসি/এফএইচআর