বাংলাদেশ, শিক্ষা

শাবিতে শিক্ষার্থীদের হলছাড়া করার অভিযোগ তদন্তে কমিটি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৬ আগস্ট ২০২৪ তারিখে ঘটে যাওয়া এই ঘটনার প্রেক্ষিতে ১২ মে ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠনের কথা জানানো হয়।

জারি করা ওই আদেশে স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক আহমদ কবির চৌধুরীকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ এবং ফাতিমা তুজ জাহরা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরা। আদেশে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এর আগে গত ৭ মে উক্ত ঘটনায় ছাত্রশিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে জড়িতদের তদন্ত সাপেক্ষে শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছিল শাবিপ্রবি শাখা ছাত্রদল। এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান জানান, সব হল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়ার নির্দেশটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কালো অধ্যায়। সব শিক্ষার্থীর দাবি ছিল এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। স্মারকলিপি প্রদানের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটি গঠনের বিষয়টি উল্লেখ করে তিনি দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ আগস্ট শাবিপ্রবির আবাসিক হলে ছাত্রলীগের দোসর রয়েছে- এমন অভিযোগ তুলে শিক্ষার্থীদের হল ছাড়তে দফায় দফায় আলটিমেটাম দিয়েছিলেন স্থানীয় এলাকাবাসী। পরবর্তীতে এলাকাবাসীর তোপের মুখে আবাসিক হল ছাড়তে বাধ্য হন সাধারণ শিক্ষার্থীরা। ওই সময় প্রশাসনিক শূন্যতা থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের মেধা ও আর্থিক সংকট বিবেচনা করে নতুন করে হলে সিট বরাদ্দ দেওয়া হয়েছিল।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন