হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব স্বর্ণের মোট ওজন ১৭ কেজি ৭৮৪ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
শনিবার (২৮ মার্চ) রাতে গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের এক যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়। রোববার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ৯টার দিকে দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটি অবতরণের আগে থেকেই কড়া নজরদারিতে রাখা হয়েছিল।
অবতরণের পর এভসেক সদস্যদের সঙ্গে নিয়ে কার্গো হোল্ডে নিবিড় তল্লাশি শুরু করেন অভিযান পরিচালনাকারীরা। তল্লাশির এক পর্যায়ে কার্গো হোল্ডে অবস্থিত টয়লেটের প্যানেলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫৩টি সোনার বার খুঁজে পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় চোরাচালানবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিবিসি/টিবিএ