সারাদেশের বিমানবন্দরগুলোতে উচ্চ নিরাপত্তা সতর্কতার মধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে ফেরদৌস (২২) নামের এক যুবক কোনো বাধা ছাড়াই বিমান পার্কিং এলাকায় ঢুকে পড়েন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৬টা ২১ মিনিটে অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে ওই যুবক ভেতরে প্রবেশ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানান, তিনি তার এক মামাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে এসেছিলেন। বিমান অবতরণ করতে দেরি হওয়ায় কৌতূহলবশত উড়োজাহাজ দেখতে তিনি রানওয়ের কাছাকাছি চলে যান। বর্তমানে তাকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে। তবে তার বিরুদ্ধে ঠিক কী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছিল। শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর একদিন পরই এমন অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশের ঘটনা ঘটল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, কঠোর নিরাপত্তার ঘোষণার পরদিনই সাধারণ মানুষের এভাবে স্পর্শকাতর এলাকায় ঢুকে পড়া বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।
ডিবিসি/এসএফএল