সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে জেলা প্রশাসনের তহবিল থেকে পাঁচ লাখ টাকা দিয়েছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সোমবার (২২ জুন) বিকেলে মাজারের দানবাক্স থেকে প্রাপ্ত ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সঙ্গে এই পাঁচ লাখ টাকা যুক্ত করে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা মাজারের সোনালী ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়।
এর আগে, সাতশ বছরের প্রচলিত রীতি ভেঙে প্রথমবারের মতো শাহজালাল (রহ.) মাজারে জমা পড়া দানের টাকার হিসাব প্রকাশ্যে আনার উদ্যোগ নেন মো. সারওয়ার আলম। তার উপস্থিতিতে জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা তিনটি ডেগ ও একটি দানবাক্স খুলে চার ঘণ্টা ধরে গণনা করা হয়। এতে গত চারদিনে জমা পড়া ওই নগদ টাকার পাশাপাশি ৭ আনা সোনা পাওয়া গেছে বলে জানা যায়।
গত রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়। আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করার কথা বলা হলেও প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ বা নতুন জেলা প্রশাসকের নাম জানানো হয়নি।
এদিকে, মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় সিলেটবাসীর কাছ থেকে বিদায় নেন মো. সারওয়ার আলম। নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
ডিবিসি/আরএসএল