বাংলাদেশ, রাজধানী

শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে পুলিশের ফের ধাওয়া-পাল্টা ধাওয়া

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে পুলিশের ফের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে চলা কর্মসূচিকে কেন্দ্র করে আবারও দফায় দফায় সংঘর্ষের পর আন্দোলনকারীদের পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে রওনা হন। এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয় এবং জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।


ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একাংশ পুনরায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।


রাত ৮টার পর পুলিশ শাহবাগ মোড়ে শক্ত অবস্থান নেয়। পুলিশের অ্যাকশনে আন্দোলনকারীরা এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর কোনো গুলি ছোড়া হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন