রাজধানীর শাহবাগে শিশুপার্কের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক দম্পতি আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. জামাল উদ্দিন (৫৯) ও তার স্ত্রী মোছা. সামছুন্নাহার (৫৫)। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঘোড়াশাল এলাকায়।
আহতদের ছেলে সামিউল আরাফাত জানান, ভোরে তার বাবা-মা অটোরিকশাযোগে শাহবাগ শিশুপার্কের সামনে দিয়ে যাচ্ছিলেন।
এসময় ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা দম্পতির ডান হাতে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ডিবিসি/টিবিএ