পশ্চিমবঙ্গের হাওড়ায় সরকারি আবাসন প্রকল্প থেকে বেআইনিভাবে 'কাটমানি' বা কমিশন নেওয়ার অভিযোগে পুলিশের তাড়া খেয়ে কাপড়ের গুদামে শাড়ির স্তূপের নিচে লুকিয়েও শেষরক্ষা হলো না এক তৃণমূল কংগ্রেস নেতার। তল্লাশি চালিয়ে সেখান থেকেই তাকে বের করে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বিলসাপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তী সরকারি আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকে বেআইনিভাবে কমিশন বা কাটমানি আত্মসাৎ করে আসছিলেন। এ ঘটনায় স্থানীয় থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে ওই তৃণমূল নেতা কাছের একটি কাপড়ের দোকানের গুদামে ঢুকে পড়েন। সেখানে একটি বিশাল শাড়ির স্তূপের নিচে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করেন তিনি। তবে তার এই কৌশল সফল হয়নি। তল্লাশি চালিয়ে পুলিশ তাকে শাড়ির স্তূপের নিচ থেকে টেনে বের করে এবং ঘটনাস্থলেই গ্রেপ্তার করে। এই পুরো ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করা হয়, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
এদিকে, হাওড়ার এই ঘটনাটি কোচবিহারের একটি পুরোনো ঘটনার স্মৃতি উসকে দিয়েছে। সেখানে শাহিদুল মিঞা নামের আরেক স্থানীয় তৃণমূল নেতাকে খাটের নিচ থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেবার বিক্ষুব্ধ গ্রামবাসীরা ধাওয়া করলে ওই নেতা নিজের বাড়িতেই লুকিয়ে পড়েছিলেন; পরে পুলিশ গিয়ে তাঁকে টেনে বের করে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এফএইচআর