বাংলাদেশ, জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

বাসস

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জ্ঞানভিত্তিক, দুর্নীতিমুক্ত ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে শিক্ষার মানোন্নয়ন এবং এ খাতের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।


বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ২৫ হাজার অবসরভোগী শিক্ষকের মধ্যে অবসর ও কল্যাণ সুবিধা ভাতা প্রদানের কার্যক্রম গ্রহণ করায় কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


এ ছাড়া, প্রয়োজনীয় শর্ত পূরণ করার পরও বিগত সরকারের সময়ে বৈষম্যের শিকার হয়ে এমপিওভুক্ত হতে পারেনি-এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার সুপারিশ করা হয়।


বৈঠকে আরও বলা হয়, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং চলতি বছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে।


জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ডসহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখতে স্থায়ী কমিটির সরেজমিন পরিদর্শনের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্যরা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন