শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি বা চেয়ারম্যান হতে হলে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, ডিগ্রি কলেজ ছাড়া ইন্টারমিডিয়েট কলেজ, প্রাইমারি স্কুলসহ সব স্কুল ও মাদরাসায় ম্যানেজমেন্ট কমিটির সভাপতি পদে দায়িত্ব পালনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক পাস হতে হবে।

 

লটারির মাধ্যমে ভর্তির বিষয়ে মন্ত্রী বলেন, আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারি প্রথা বাতিল করা হলো। এর পরিবর্তে খুবই সাধারণ উপায়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীদের মাঝে কোনো অসুস্থ প্রতিযোগিতা থাকবে না। দীর্ঘদিন ধরে গবেষণা এবং অংশীজনদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, লটারি কোনো শিক্ষাব্যবস্থায় থাকতে পারে না। প্রয়োজনে সামনে এ বিষয়ে আরও আলোচনা করা হবে।

 

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে লটারিকে অনেকটা জুয়া খেলার সঙ্গে তুলনা করে মন্ত্রী আরও বলেন, লটারি কোনোভাবেই ভর্তির মানদণ্ড হতে পারে না। অন্যদিকে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কেউ কোচিং বাণিজ্য করতে চাইলে সরকার তা মেনে নেবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন। প্রয়োজনে সরকার নিজেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন