ধীরে ধীরে শিক্ষার্থীদেরকে ট্যাব দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এখন শিক্ষকদের ট্যাব দেওয়া হচ্ছে, ধীরে ধীরে শিক্ষার্থীদের হাতে ট্যাব দেওয়া হবে।
শুক্রবার (৮ মে) বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে। এছাড়া বিশেষজ্ঞদের একটি কমিটি বই পরিবর্তন ও পরিমার্জনের কাজ করছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে হলে বইয়ের কাগজের মান ও ছাপা উন্নত হতে হবে। শিক্ষকদের নোট-গাইড থেকে প্রশ্নপত্র তৈরি করার পদ্ধতি বন্ধে শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নেবে।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন। তিনি বলেন, বই প্রকাশের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির সম্পৃক্ততা নেই। তাই আগামী বছর থেকে বইমেলা আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে যুক্ত করতে হবে।
ডিবিসি/কেএলডি