রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে ঢুকে ভাঙচুর এবং এক নারী শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহী জেলাধীন দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে স্থানীয় এই বিএনপি নেতা ও প্রভাষক আলেয়া খাতুন হীরার মধ্যে বাগ্বিতণ্ডা ও একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিসহ অন্তত পাঁচজন আহত হন, যাদের মধ্যে বেশ কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, মূলত চাঁদা দাবির প্রতিবাদ করায় এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। তবে অভিযুক্ত আকবর আলী দাবি করেছেন, কলেজের দুর্নীতির হিসাব চাইতে গেলে তাদের ওপর উল্টো হামলার ঘটনা ঘটে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শেষ পর্যন্ত তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল বিএনপি।
ডিবিসি/টিবিএ