যশোরের কেশবপুরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল মূল্যায়ন ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ’ (ভাব)-এর উদ্যোগে কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এ সভার আয়োজন করা হয়।
সভায় কেশবপুরের ৫টি বিদ্যালয়ের ২০ জন অকৃতকার্য শিক্ষার্থী, তাদের ১০ জন অভিভাবক এবং প্রধান শিক্ষকরা অংশ নেন। এ সময় ভাব প্রকল্পের আওতাভুক্ত ১২টি বিদ্যালয়ের সার্বিক ফলাফল মূল্যায়ন করা হয়। শিক্ষার্থীরা পরীক্ষায় কেন অকৃতকার্য হয়েছে, তার মূল কারণগুলো চিহ্নিত করে ভবিষ্যতে পাসের হার বাড়াতে বাস্তবসম্মত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
সংস্থাটির সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খাঁনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান, আব্দুর রউফ, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, দীপঙ্কর দাস, শিক্ষক নূরুল ইসলাম খান এবং শিক্ষানুরাগী নাসির আহমেদ গাজী। অভিভাবকদের পক্ষ থেকে নিজেদের মতামত তুলে ধরেন আলী আব্বাজ, স্বপন কুমার মল্লিক ও লিপি বেগম।
এদিকে, এসএসসি পরীক্ষায় গণিতে শতভাগ পাসের অনন্য রেকর্ড গড়ায় মঙ্গলকোট ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গণিত শিক্ষক শফিকুল ইসলামকে বিশেষ সম্মাননা জানানো হয়। সভায় ‘ভাব বাংলাদেশ’-এর পক্ষ থেকে তাঁর হাতে একটি সনদপত্র ও নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয়।