বাংলাদেশ, জাতীয়

শিশু গৃহকর্মী নির্যাতনের দায় স্বীকার করলেন বিমানের সাবেক এমডির স্ত্রী

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর উত্তরায় ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে অমানুষিক নির্যাতনের মামলায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সাফিকুর রহমানের স্ত্রী বিথী।

 সাত দিনের রিমান্ড শেষে শনিবার (২১ ফেব্রুয়ারি) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক এই জবানবন্দি  দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রোবেল মিয়ার আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টায় উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১০ ফেব্রুয়ারি আদালত সাফিকুর রহমানের ৫দিন, বিথীর ৭ দিন এবং দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমের যথাক্রমে ৫ ও ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাফিকুর রহমান জবানবন্দি দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত দেননি, তবে অন্য আসামি গৃহকর্মী সুফিয়া খাতুন ইতিপূর্বেই আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।


তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, রিমান্ড চলাকালীন হাইকোর্টের নির্দেশনা মেনে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আদালতে জবানবন্দি দিতে ইচ্ছা পোষণ করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখা প্রয়োজন বলে জানানো হয়।


মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী শিশু মোহনার বাবা একজন হোটেল কর্মচারী। নিরাপত্তা প্রহরীর মাধ্যমে গত বছরের জুন মাসে তিনি তার মেয়েকে সাফিকুর রহমানের বাসায় কাজে দেন। আসামিরা শিশুটির পড়াশোনা ও বিয়ের খরচ বহনের প্রতিশ্রুতি দিলেও গত ২ নভেম্বরের পর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।


গত ৩১ জানুয়ারি শিশুটির অসুস্থতার খবর পেয়ে বাবা ওই বাসায় গিয়ে দেখতে পান মোহনার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম এবং সে ঠিকমতো কথা বলতে পারছে না। পরবর্তীতে শিশুটি জানায়, গত নভেম্বর থেকে সফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ অন্যরা তুচ্ছ কারণে তাকে মারধর করত এবং গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়ে ক্ষতবিক্ষত করত। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন