বাংলাদেশ, অপরাধ

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডি শফিকুর রহমানের জামিন

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৩ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরী এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন আসামিপক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মো. খোরশেদ আলম। শুনানিতে তিনি দাবি করেন, শফিকুর রহমান একজন অত্যন্ত সজ্জন ও সম্মানিত ব্যক্তি। তিনি দেশের একটি বৃহৎ প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীন ছিলেন। গত ২ ফেব্রুয়ারি থেকে প্রায় ৭১ দিন ধরে তিনি কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হওয়ায় মানবিক দিক বিবেচনা করে তার জামিনের প্রার্থনা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।


মামলার এজাহার অনুযায়ী, রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসিন্দা শফিকুর রহমান তার বাসার নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর গোলাম মোস্তফার মাধ্যমে শিশু মোহনাকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন। গত বছরের জুন মাসে মোহনা ওই বাসায় কাজ শুরু করে। তখন শফিকুর রহমান ও তার স্ত্রী বিথী শিশুটির বিয়েসহ যাবতীয় খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।


গত বছরের ২ নভেম্বর শিশুটিকে সুস্থ অবস্থায় দেখে আসেন তার বাবা। এরপর থেকে আসামিরা মোহনাকে আর তার পরিবারের সাথে দেখা করতে দেননি। গত ৩১ জানুয়ারি আসামি বিথী মোহনার বাবাকে ফোন করে জানান যে শিশুটি অসুস্থ। ওইদিন সন্ধ্যায় মোহনাকে তার বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়।


ভুক্তভোগীর বাবা জানান, ফিরে পাওয়ার সময় মোহনার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল এবং সে কথা বলার মতো অবস্থায় ছিল না। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি জানায়, গত ২ নভেম্বরের পর থেকে শফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ অজ্ঞাতনামা আসামিরা তাকে অকারণে মারধর করতেন এবং তপ্ত খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়ে গুরুতর জখম করেন।


এই ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ বিমানের সাবেক এমডি শফিকুর রহমান ও তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করে।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন