নাটোরের গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় সুরতহাল তৈরি করতে গিয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলার শুনানিতে ১৪ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় অন্য ৭ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নাটোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন মামলার আসামিরা। শুনানি শেষে আদালতের বিচারক মাহমুদুল হাসান এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২১ আগস্ট রাতে গুরুদাসপুর উপজেলার শ্যামপুর গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুর সুরতহাল রিপোর্ট তৈরি করতে যায় পুলিশ। এ সময় স্থানীয়রা আকস্মিক পুলিশের ওপর চড়াও হয়ে হামলা চালায়। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল বাশার এবং কনস্টেবল রাকিব হাসান মারধরের শিকার হন এবং অবরুদ্ধ হয়ে পড়েন।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে।
এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে পূর্বে ৯ জনকে গ্রেপ্তার করেছিল।
আজ বুধবার বাকি আসামিরা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৭ জনের জামিন মঞ্জুর করলেও ১৪ জন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ডিবিসি/এমএনকে