আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণভাবে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। এই উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে এবং খুব শিগগিরই এর বাস্তবায়ন শুরু হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেন।
বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে প্রদান করা সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পুনরায় ভেরিফাই বা যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না এবং গ্রহীতা সেটি পাওয়ার উপযুক্ত কি না, তা অত্যন্ত দ্রুততার সঙ্গে খতিয়ে দেখা হবে। যেসব লাইসেন্স কেবল রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে, সেগুলো অবিলম্বে বাতিল করা হবে এবং ওই লাইসেন্সের অধীনে থাকা অস্ত্রগুলোও বাতিল হিসেবে গণ্য হবে।
এখনও পর্যন্ত দশ হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী। উদ্ধার না হওয়া এই অস্ত্রগুলোকে বর্তমানে সম্পূর্ণ অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই অস্ত্রগুলো উদ্ধারের পাশাপাশি এগুলোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা মামলা দায়ের করা হতে পারে বলেও তিনি সতর্ক করে দেন।
ডিবিসি/এফএইচআর