গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজ এলাকার শীতলক্ষ্যা নদীতে ঘটনা ঘটে। পাঁচ বন্ধু একসঙ্গে গোসল করতে নামে।
নিহত লাবিবুল আল হাসান (১০) মোক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. আতাউর শেখের ছেলে ও রায়হান ইসলাম রাব্বি (১২) কাপাসিয়া উপজেলার দড়িনাসেরা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। নিহত দুই শিক্ষার্থী স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
জানা যায়, শুক্রবার নদীতে তারা পাঁচ বন্ধু একসঙ্গে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তিনজন তীরে ফিরে এলেও লাবিব ও রাব্বির কোনো খোঁজ পাওয়া যায়নি।
বিষয়টি স্থানীয়দের জানানো হলে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তল্লাশি শুরু করেন। কিছু সময় পর নিখোঁজ লাবিব ও রাব্বিকে অচেতন অবস্থায় নদী থেকে তুলে এনে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন