ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) শীর্ষ গুপ্তচর মেজর জেনারেল মজিদ খাদেমিকে হত্যার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক লিখিত বিবৃতিতে বলেছেন, কমান্ডারদের গুপ্তহত্যা করে ইরানি বাহিনীকে কোনোভাবেই দমানো যাবে না।
বিবৃতিতে মোজতবা খামেনি আরও বলেন, ইসলামী ইরানে সত্যের পথে থাকা যোদ্ধা এবং আত্মত্যাগী সশস্ত্র বাহিনী এমন এক সুদৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে যে, সন্ত্রাস ও অপরাধ জিহাদি আদর্শের প্রতি তাদের সংকল্পকে ভাঙতে পারবে না। উল্লেখ্য, যুদ্ধের শুরুতে বাবা আলী খামেনি নিহত হওয়ার পর সর্বোচ্চ নেতার স্থলাভিষিক্ত হন মোজতবা খামেনি। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি।
খাদেমির নিহতের বিষয়টি তেহরান এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ উভয়েই নিশ্চিত করেছেন। কাটজ জানিয়েছেন, খাদেমি আইআরজিসির শীর্ষ তিন ব্যক্তিত্বের একজন ছিলেন এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য তিনি সরাসরি দায়ী। গত ফেব্রুয়ারির শেষে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত ইরানের বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করেছে।
এদিকে সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী আরেকটি দাবি করেছে। তাদের ভাষ্যমতে, ইসরায়েলি বিমানবাহিনী ২০১৯ সাল থেকে দায়িত্ব পালন করা আইআরজিসি কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডার আসগর বাঘেরিকেও ‘নির্মূল’ করেছে। তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: সিএনএন
ডিবিসি/পিআরএএন