আন্তর্জাতিক, আমেরিকা

শুক্রবারের মধ্যে ইরানের সঙ্গে আলোচনার সুসংবাদ আসতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মধ্যেই একটি সুসংবাদ আসতে পারে।

ইসলামাবাদের সূত্রের বরাত দিয়ে বুধবার (২২ এপ্রিল) দ্য নিউইয়র্ক পোস্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এই আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।


আলোচনায় কোনো বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা আছে কি না- নিউইয়র্ক পোস্টের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প একটি খুদেবার্তায় (টেক্সট মেসেজ) উত্তর দেন, "এটি সম্ভব! প্রেসিডেন্ট ডিজেটি।"


তবে ট্রাম্প শুক্রবারই আলোচনা শুরু হবে এমন কোনো সরাসরি দাবি না করলেও, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ‘তাসনিম নিউজ’ এই খবরের তীব্র বিরোধিতা করেছে। ট্রাম্পকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তারা এক পোস্টে জানায়, "ট্রাম্প আবারও মিথ্যা বলেছেন। আগামী শুক্রবার আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত ইরান বর্তমানে নেয়নি।"


রিপাবলিকান এই নেতার এমন মন্তব্য তখনই এলো যখন তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর আগে তেহরানের দেওয়া সময়সীমা কোনো প্রকার সংঘাত ছাড়াই পার হয়ে যায়। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারই প্রথম যুক্তরাষ্ট্র তেহরানের পরবর্তী পদক্ষেপের ওপর কোনো নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন আরোপ করেনি।


ট্রাম্প এই কৌশলগত পরিবর্তনের পেছনে পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে তার আলোচনার বিষয়টি সামনে এনেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, "ইরান সরকার বর্তমানে অভ্যন্তরীণভাবে খণ্ডিত হয়ে পড়েছে। ফিল্ড মার্শাল অসীম মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে আমরা ইরানের ওপর আক্রমণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ না তাদের নেতারা এবং প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারছেন।"


তিনি আরও যোগ করেন, "আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ বজায় রাখার এবং সব দিক থেকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। তাদের (ইরান) পক্ষ থেকে প্রস্তাব জমা না দেওয়া পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।"


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন