দীর্ঘদিন ধরেই শুক্রবারেও মেট্রোরেল চলাচলের বিষয়ে আলোচনা চলছিল। অবশেষে তা পূরণ হতে যাচ্ছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারেও মেট্রো চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক সূত্র।
এদিকে কয়েকদিনের মধ্যে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনও মেট্রোরেল চলবে এমন ঘোষণা আসবে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুর রউফ।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এমনটাই জানিয়েছেন তিনি। মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘শুক্রবার মেট্রোরেল চালুর ব্যাপারে আমাদের প্রস্তুতি শেষের দিকে। আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছি। অতি দ্রুত সময়ের মধ্যে চালু করতে পারব বলে আশা করছি।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে শুক্রবার মেট্রোরেল চলাচল শুরু করার জন্য জনবলের কাজের পালা (রোস্টার) প্রায় ঠিক হয়ে গেছে। আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) একটি সংবাদ সম্মেলন করব আমরা। সেখানে বিস্তারিত জানা যাবে।’
সপ্তাহে ছয়দিন মেট্রোরেল চলাচল করলেও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বন্ধ থাকে। যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে শিগগিরই শুক্রবারেও মেট্রোরেল সেবা চালু করতে কাজ শুরু করে মেট্রোরেল র্কতৃপক্ষ। যা এখন বাস্তবায়নের পথে।
তবে শুক্রবারের মেট্রো চলাচলের সূচি এখনো চূড়ান্ত হয়নি। সকালের দিকে যাত্রী কম থাকায় দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করতে পারে বলে জানায় ডিএমটিসিএলের একাধিক সূত্র। সেক্ষেত্রে উত্তরা উত্তর থেকে মতিঝিলের দিকে শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ১৩ মিনিটে।
ডিবিসি/ এইচএপি