বিবিধ, বিজ্ঞান ও প্রযুক্তি

শুক্র গ্রহে একদিন পৃথিবীর এক বছরের চেয়েও দীর্ঘ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ১লা ডিসেম্বর ২০২৫ ০৪:২৮:০৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌরজগতের সময় ও গতির নিয়ম আমাদের পৃথিবীর মতোই হবে, এমন ধারণা মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে সবসময় খাটে না। আমাদের প্রতিবেশী গ্রহ শুক্র বা ভেনাস এমনই এক অদ্ভুত জগত, যেখানে সময়ের হিসেব পৃথিবীর সম্পূর্ণ উল্টো। মহাকাশ বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, শুক্র গ্রহে একটি দিন পার হতে যে সময় লাগে, তার আগেই সেখানে একটি বছর শেষ হয়ে যায়। অর্থাৎ, শুক্র গ্রহের একদিন তার এক বছরের চেয়েও দীর্ঘ। শুনতে ধাঁধাঁ মনে হলেও মহাকাশীয় গতির বিচারে এটিই বাস্তব।

নাসা এবং মহাকাশ গবেষকদের মতে, এই অদ্ভুত ঘটনার মূল কারণ হলো শুক্র গ্রহের অত্যন্ত ধীরগতির ঘূর্ণন। পৃথিবী যেমন নিজের অক্ষের ওপর লাট্টুর মতো দ্রুত ঘোরে এবং মাত্র ২৪ ঘণ্টায় দিন-রাত সম্পন্ন করে, শুক্র গ্রহ সেখানে অত্যন্ত অলস। 

 

শুক্র গ্রহ নিজের অক্ষের ওপর একবার পূর্ণ আবর্তন করতে সময় নেয় পৃথিবীর হিসেবে ২৪৩ দিন। অন্যদিকে, সূর্যের চারপাশ ঘুরে আসতে বা একটি বছর পূর্ণ করতে শুক্র গ্রহের সময় লাগে মাত্র ২২৫ দিন। সহজ অংকের হিসেবে, শুক্র গ্রহের একদিন পৃথিবীর ২৪৩ দিনের সমান, অথচ তার বছর পূর্ণ হতে লাগে মাত্র ২২৫ দিন। ফলে গ্রহটিতে একটি দিন শেষ হওয়ার আগেই তার বছর ঘুরে আসে।

 

শুধু সময়ের এই উলটপালট নয়, শুক্র গ্রহের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর উল্টো ঘূর্ণন। সৌরজগতের অধিকাংশ গ্রহ যেদিকে ঘোরে, শুক্র ঘোরে তার বিপরীত দিকে। ফলে শুক্র গ্রহে সূর্য পশ্চিম দিকে উদিত হয় এবং পূর্ব দিকে অস্ত যায়।

 

বিজ্ঞানীরা ধারণা করেন, কোটি কোটি বছর আগে কোনো বিশাল মহাজাগতিক বস্তুর সঙ্গে প্রবল সংঘর্ষের কারণে গ্রহটির গতি কমে গেছে এবং দিক পরিবর্তন হয়ে গেছে, যার ফলে আজ সেখানে বছরের চেয়ে দিন বড় হওয়ার মতো অবিশ্বাস্য ঘটনা ঘটছে।

 

সূত্র: নাসা

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন