ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ হয়ে পড়ে টলিউড পাড়া।
জানা যায়, পশ্চিমবঙ্গ ও ওড়িশার সীমান্তবর্তী তালসারিতে একটি নতুন ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল। সেই সময় সমুদ্রে স্নানের দৃশ্য বা অন্য কোনও কারণে তিনি গভীর জলে তলিয়ে যান। সহকর্মী ও টেকনিশিয়ানরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জীবনের শুরু হয়েছিল তাঁর বাবার হাত ধরে। 'বিজয়গড় থিয়েটার' দলের 'রাজ দর্শন' নাটকের মাধ্যমে মঞ্চে পা রাখা রাহুল পরবর্তী জীবনে ৪৫০-টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। ২০০৮ সালে 'চিরদিনই তুমি যে আমার' ছবির হাত ধরে তিনি চলচ্চিত্রে আকাশছোঁয়া জনপ্রিয়তা পান। বড় পর্দা, ছোট পর্দা ও ওয়েব সিরিজ-তিন মাধ্যমেই তাঁর অবাধ বিচরণ ছিল।
সম্প্রতি তিনি 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে অভিনয় করছিলেন। সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রর সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। এর আগে 'হরগৌরী পাইস হোটেল' এবং হইচই-এর 'ঠাকুমার ঝুলি' সিরিজে এক পুলিশ অফিসারের চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়। অভিনয়ের পাশাপাশি তাঁর পডকাস্ট শো 'সহজ কথা' বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল।
সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাহুল। তাঁদের বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা থাকলেও, একমাত্র সন্তান সহজের ভবিষ্যতের কথা ভেবে সম্প্রতি তাঁরা ফের এক ছাদের তলায় থাকতে শুরু করেছিলেন। রাহুলের এই অকাল প্রয়াণে তাঁর পরিবার ও অনুগামীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
রাহুলের সহ-অভিনেত্রী সোমাশ্রী চাকি এই দুঃসংবাদ নিশ্চিত করে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, দুর্ঘটনার মাত্র দু-ঘণ্টা আগেও তাঁরা একসঙ্গে শুটিং করেছেন। সোমাশ্রী বলেন, "আজই আমাদের কলকাতা ফেরার কথা ছিল। শুটিং সেরে আমরা চলে এসেছিলাম, কিন্তু রাহুল বোধহয় জলেই থেকে গিয়েছিল। ঠিক কী ঘটেছিল তা বুঝে উঠতে পারছি না।" তবে ফেরার পথে রাহুলের বলা একটি কথা এখন সবাইকে স্তম্ভিত করে দিচ্ছে। সোমাশ্রীর কথায়, বিদায়ে বেলায় রাহুল তাঁকে রহস্য করে বলেছিলেন, "আমাদের আর দেখা হবে না।" সেই কথা যে এভাবে সত্যি হয়ে যাবে, তা কল্পনাও করতে পারেননি কেউ।
ডিবিসি/এসএফএল